🇧🇩 A National Initiative — Empowering Bangladesh's Global Workforce
Technology

কাল চালু হচ্ছে ‘freelancers.gov.bd’: সরকারি আইডি কার্ড ও ব্যাংকিং সুবিধা পাবেন ফ্রিল্যান্সাররা

January 14, 2026 · First Bangladesh

বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ফ্রিল্যান্সিং খাতকে একটি নিরাপদ, সুসংগঠিত ও স্বচ্ছ কাঠামোর আওতায় আনতে চালু হচ্ছে দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও ডিজিটাল আইডি কার্ড প্রদান প্ল্যাটফর্ম ‘freelancers.gov.bd’। আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের এই ফ্ল্যাগশিপ উদ্যোগটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

সোমবার (১২ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ‘ভ্যালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং’ (VAPT) সফলভাবে সম্পন্ন করার পরেই প্ল্যাটফর্মটি উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

যেসব সুবিধা পাবেন নিবন্ধিত ফ্রিল্যান্সাররা

এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ফ্রিল্যান্সাররা প্রথমবারের মতো সরকারি স্বীকৃত ডিজিটাল পরিচয়পত্র (Freelancer ID Card) পাবেন। এই পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধিত পেশাজীবীরা যেসব সুযোগ-সুবিধা উপভোগ করবেন:

  • সহজ ব্যাংকিং সেবা: প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য হওয়ায় ব্যাংক ঋণ, ক্রেডিট কার্ড ও অন্যান্য ব্যাংকিং সেবা প্রাপ্তি সহজ হবে।
  • প্রণোদনা ও প্রশিক্ষণ: সরকারি ও বেসরকারি পর্যায়ে বিশেষায়িত প্রশিক্ষণ এবং আর্থিক প্রণোদনার সুযোগ বৃদ্ধি পাবে।
  • পেশাগত মর্যাদা: দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ফ্রিল্যান্সারদের কাজ করার ক্ষেত্রে পেশাগত মর্যাদা ও প্রাতিষ্ঠানিক আস্থা বৃদ্ধি পাবে।
  • জাতীয় ডাটাবেস গঠন: ‘freelancers.gov.bd’ প্ল্যাটফর্মে একটি সমৃদ্ধ জাতীয় ফ্রিল্যান্সার তথ্যভাণ্ডার গড়ে উঠবে, যেখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা, কাজের ধরন ও বৈশ্বিক বাজারের প্রবণতা হালনাগাদ থাকবে।

নীতি নির্ধারণ ও প্রশিক্ষণ পরিকল্পনা

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত তথ্য ও উপাত্ত নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তথ্যপ্রযুক্তি খাতের সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। এটি ব্যাংক, সরকারি দফতর এবং বেসরকারি খাতের সাথে ফ্রিল্যান্সারদের সংযোগকে আরও সুদৃঢ় করবে, যা দেশের ডিজিটাল অর্থনীতিকে নতুন গতি দেবে।

একই সাথে সরকার দেশের ৪৮টি জেলায় তিন মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রাথমিকভাবে ১৮ হাজার শিক্ষিত যুবককে ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করার উদ্যোগ নিয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ কর্মসূচির পরিধি বাড়িয়ে লক্ষাধিক তরুণের কাছে পৌঁছে দেওয়া হবে।

ফ্রিল্যান্সিং কমিউনিটির প্রতিনিধিরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সরকারি স্বীকৃত আইডি কার্ড দীর্ঘদিনের সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ঘাটতি পূরণ করবে এবং বৈশ্বিক অনলাইন শ্রমবাজারে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *