দেশের উদীয়মান ডিজিটাল অর্থনীতির মূল শক্তি—ফ্রিল্যান্সার এবং কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত সাড়ে সাত শতাংশ (৭.৫%) ভ্যাট বা কর আরোপের যে শঙ্কা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইন পেশাজীবীদের বৈদেশিক আয়ে কোনো ধরনের নেতিবাচক করের বোঝা চাপানো হবে না বলে তিনি দৃঢ় আশ্বাস প্রকাশ করেছেন।
সচিবালয়ে বিশেষ বৈঠক ও প্রেক্ষাপট
সোমবার (১ জুন) সচিবালয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হওয়া দেশের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা জুয়েল রানার সাথে দীর্ঘ সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তরুণ সমাজের উদ্দেশ্যে এই বার্তা দেন।
বৈঠক শেষে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য নিশ্চিত করেন জুয়েল রানা।তিনি জানান, রাজনীতিমুক্ত এই আলোচনায় দেশের সাধারণ মানুষ, প্রকৃতি, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ এবং তরুণদের অপার সম্ভাবনা গুরুত্ব পেয়েছে। সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, তিনি দীর্ঘদিন ধরে ‘চিত্ত মিডিয়া’র গ্রামবাংলার নদীমাতৃক রূপ, কৃষিজীবন এবং প্রান্তিক মানুষের সহজ-সরল জীবনযাত্রানির্ভর ভিডিও নিয়মিত দেখেন।
কর সংক্রান্ত উদ্বেগ ও প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক পদক্ষেপ
বৈঠকে দেশের লাখো তরুণ ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের প্রধান উদ্বেগ—৭.৫% ভ্যাট আরোপের বিষয়ে জুয়েল রানা জানতে চাইলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন।
তরুণদের অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন:
“এরকম কিছু হইতে দেওয়া যাবে না। আমি চাই যে ইয়াংরা ডিজিটাল মার্কেটিংয়ে যাক, তারা বৈদেশিক বিভিন্ন কাজে ইনভলভ থাকুক। তারা বাইরের অর্থ দেশে নিয়ে আসছে, দ্যাটস এনাফ (এটাই যথেষ্ট)। ফ্রিল্যান্সার যারা আছে তারা দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা তাদের ফ্যামিলি চালায়। এটা হতে পারে না। তারা দেশের টাকা পাচার করে না, বরং দেশে আনে।”
তিনি আরও যুক্ত করেন, “এরকম কোনো ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। নো টেনশন, আপনারা কাজ করে যান।”
মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ
কর সংক্রান্ত প্রসঙ্গের বাইরেও সমাজে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি এবং মানসিক পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। বিপদের মুহূর্তে ভিডিও না বানিয়ে সাহায্যের হাত বাড়ানো এবং প্রকৃতি ও প্রাণীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রাখার আহ্বান জানান জুয়েল রানা, যাকে প্রধানমন্ত্রী স্বাগত জানান এবং সচেতনতামূলক কনটেন্ট তৈরি অব্যাহত রাখতে উৎসাহিত করেন।
এক নজরে চিত্ত মিডিয়া: গত বছরের ৪ ফেব্রুয়ারি কৃষি, প্রকৃতি ও সাহিত্যের মেলবন্ধনে যাত্রা শুরু করা ‘চিত্ত মিডিয়া’ পেজটি বর্তমানে ৪৩ লাখেরও বেশি অনুসারীর ভালোবাসা অর্জন করেছে। প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকের পর আইটি খাত ও স্বাধীন পেশাজীবীদের মাঝে স্বস্তি ফিরে এলেও সরকারি প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছে খাত সংশ্লিষ্টরা।
Leave a Reply